একই বাড়িতে থেকেও অনেক সন্তানের সঙ্গে মা-বাবার মানসিক দূরত্ব তৈরি হচ্ছে। পরিবারের আর্থিক চাহিদা পূরণ, পছন্দের জিনিস কিনে দেওয়া কিংবা পড়াশোনার খরচ বহনের মধ্যেই অনেক সময় অভিভাবকের দায়িত্ব সীমাবদ্ধ হয়ে পড়ে। অথচ সন্তান কী ভাবছে, কী নিয়ে দুশ্চিন্তায় আছে কিংবা দিনের কোন ঘটনাটি তাকে আনন্দিত করেছে—সেসব জানার সুযোগ তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ। কারণ, শিশুর সুস্থভাবে বেড়ে ওঠায় খাবার, পোশাক ও পড়াশোনার পাশাপাশি মা-বাবার সময় দেওয়াও জরুরি।
বর্তমান সময়ে চাকরি, ব্যবসা ও নানা ব্যস্ততার কারণে অনেক অভিভাবকের পক্ষেই সন্তানের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানো সম্ভব হয় না। ফলে সব ধরনের সুযোগ-সুবিধা পেয়েও শিশুর মনে একধরনের একাকিত্ব তৈরি হতে পারে। নিজের অনুভূতি প্রকাশ কিংবা ব্যক্তিগত সমস্যার কথা মা-বাবাকে জানানোর ক্ষেত্রেও তার মধ্যে সংকোচ জন্ম নেয়।
সন্তানের সঙ্গে সুসম্পর্ক কেবল তার জাগতিক প্রয়োজন মেটানোর মাধ্যমে গড়ে ওঠে না; বরং প্রতিদিনের ছোট ছোট কথোপকথন, একসঙ্গে সময় কাটানো এবং তার অভিজ্ঞতার প্রতি আগ্রহ দেখানোর মধ্য দিয়েই পারিবারিক ঘনিষ্ঠতা তৈরি হয়।
একটি শিশু যখন স্কুলের কোনো ঘটনা, বন্ধুর সঙ্গে কাটানো সময় কিংবা নিজের ভালো লাগা-মন্দ লাগার কথা বলতে চায়, তখন অভিভাবকের পূর্ণ মনোযোগ তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু এসব কথা শোনার মতো সময় না পেলে বা ব্যস্ততা দেখালে শিশু ধীরে ধীরে নিজের জগতে গুটিয়ে যায়। একপর্যায়ে মা-বাবার সঙ্গে তার মনের দূরত্ব তৈরি হয়। তাই সন্তানের পড়াশোনার অগ্রগতির খোঁজ নেওয়ার পাশাপাশি তার দৈনন্দিন অভিজ্ঞতা, খেলাধুলা ও ব্যক্তিগত অনুভূতির প্রতিও অভিভাবকদের আগ্রহী হওয়া প্রয়োজন।
শিশুর কোনো ভুল বা আচরণগত সমস্যা দেখা দিলে সেটিকে কেবল শাসনের বিষয় হিসেবে দেখলে চলবে না। কেন সে এমন আচরণ করছে, এর পেছনে কোনো মানসিক চাপ বা অভিজ্ঞতা রয়েছে কি না, সেটিও বোঝার চেষ্টা করা দরকার।
সন্তানকে নিজের কথা বলার সুযোগ দেওয়া এবং তার বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনার অভ্যাস গড়ে তুললে মা-বাবার প্রতি তার আস্থা বাড়ে। নিয়মিত একসঙ্গে সময় কাটানোর ফলে শিশুর আত্মবিশ্বাস ও নিরাপত্তাবোধ তৈরি হয়। অন্যদিকে দামি খেলনা, পোশাক, মুঠোফোন কিংবা পছন্দের খাবার দিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করলেও সেগুলো মা-বাবার সান্নিধ্যের অভাব পূরণ করতে পারে না।
সন্তানের প্রতিপালন কেবল সামাজিক বা পার্থিব দায়িত্ব নয়, ইসলামের দৃষ্টিতেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমানত। পরিবারের সদস্যদের সঠিক পথে পরিচালিত করার বিষয়ে পবিত্র কোরআনে স্পষ্ট নির্দেশনা রয়েছে। সুরা তাহরিমের ৬ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘হে মুমিনরা! তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার-পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো।’
রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসেও প্রত্যেক ব্যক্তির পারিবারিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সহিহ বুখারির হাদিসে এসেছে, ‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।’ অর্থাৎ সন্তানের খরচ বহনের পাশাপাশি তাকে নৈতিক শিক্ষায় গড়ে তোলাও মা-বাবার দায়িত্ব।
ব্যস্ত জীবনে সন্তানের জন্য আলাদা করে দীর্ঘ সময় বের করা সব সময় সম্ভব না হলেও দৈনন্দিন কাজের মধ্যেই পারিবারিক যোগাযোগের সুযোগ তৈরি করা যায়। দিনের অন্তত একবেলা পরিবারের সবাই মিলে একসঙ্গে খাবার খাওয়া, ঘুমানোর আগে দিনের ঘটনা নিয়ে গল্প করা, ছুটির দিনে একসঙ্গে ঘুরতে যাওয়া কিংবা সম্মিলিতভাবে ইবাদত করার মতো ছোট অভ্যাসগুলো সম্পর্ককে দৃঢ় করে।
এ ধরনের চর্চায় সন্তান নিজেকে পরিবারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভাবতে শেখে এবং মা-বাবার সঙ্গে নিজের চিন্তা ও অনুভূতি নির্দ্বিধায় ভাগ করে নেওয়ার পরিবেশ পায়। শৈশবের প্রতিটি পর্যায়ে সন্তানের পাশে থাকার এই দায়িত্ব কোনো দামি উপহার দিয়ে পূরণ করা সম্ভব নয়।
