মোবাইল ফোনের চার্জ ঠিক কত শতাংশে নামলে চার্জে বসানো উচিত—তা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে নানা প্রচলিত ধারণা রয়েছে। কেউ মনে করেন, ব্যাটারির চার্জ ২০ শতাংশের নিচে না নামা পর্যন্ত চার্জ দেওয়া ঠিক নয়। আবার অনেকে চার্জ ১০ শতাংশ বা একেবারে শূন্য শতাংশে নামিয়ে ফোন বন্ধ হওয়ার পর চার্জে দেন। তবে আধুনিক স্মার্টফোনের ব্যাটারি প্রযুক্তির ক্ষেত্রে কোন অভ্যাসটি সবচেয়ে ভালো?
প্রযুক্তি বিশেষজ্ঞদের পরামর্শ ও স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর নির্দেশনা অনুযায়ী, ব্যাটারির চার্জ ২০ শতাংশের কাছাকাছি পৌঁছালে চার্জ দেওয়া ভালো। তবে এটি কোনো বাধ্যতামূলক সীমা নয়; বরং প্রয়োজন অনুযায়ী দিনে একাধিকবার অল্প অল্প করে চার্জ দেওয়াই আধুনিক লিথিয়াম-আয়ন ব্যাটারির জন্য সবচেয়ে স্বাভাবিক ও নিরাপদ।
বর্তমান সময়ের প্রায় সব স্মার্টফোনে লিথিয়াম-আয়ন বা লিথিয়াম-পলিমার ব্যাটারি ব্যবহৃত হয়। পুরোনো আমলের নিকেল-ক্যাডমিয়াম ব্যাটারির মতো এসব ব্যাটারিতে প্রতিবার চার্জ পুরোপুরি শেষ করে আবার ১০০ শতাংশ পূর্ণ করার কোনো প্রয়োজন নেই। অ্যাপলের ব্যাটারি নির্দেশনা অনুযায়ী, ফোনে ৫০, ৪০ কিংবা ৩০ শতাংশ চার্জ থাকা অবস্থাতেও নিশ্চিন্তে চার্জ দেওয়া যায়।
চার্জ ২০ শতাংশের কাছাকাছি নামলে চার্জ দেওয়ার পরামর্শের পেছনে বৈজ্ঞানিক কারণ রয়েছে। ব্যাটারির চার্জ বারবার শূন্য শতাংশের কাছাকাছি নেমে গেলে বা চার্জ শেষ হয়ে ফোন নিজে থেকে বন্ধ হয়ে গেলে ব্যাটারির কোষগুলোর ওপর বাড়তি রাসায়নিক চাপ পড়ে। এতে দীর্ঘ মেয়াদে ব্যাটারির আয়ু কমে যায়।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সাধারণ ব্যবহারের ক্ষেত্রে ফোনের চার্জ ২০ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখা সবচেয়ে উপকারী। কারণ, ব্যাটারি দীর্ঘ সময় একেবারে শূন্যের কাছাকাছি কিংবা পুরো ১০০ শতাংশ পূর্ণ অবস্থায় থাকলে রাসায়নিক ক্ষয় দ্রুততর হয়। তবে দীর্ঘ ভ্রমণ বা বাইরে থাকার প্রয়োজনে ১০০ শতাংশ চার্জ করলে তাৎক্ষণিক কোনো ক্ষতি হয় না। আধুনিক আইফোনে ‘অপ্টিমাইজড ব্যাটারি চার্জিং’ এবং স্যামসাং ফোনে ‘ব্যাটারি প্রোটেকশন’ ফিচার চালু রাখলে ফোন নিজেই চার্জিংয়ের চাপ নিয়ন্ত্রণ করে নেয়।
চার্জের শতাংশের চেয়েও ব্যাটারির আয়ু কমানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে অতিরিক্ত তাপমাত্রা। চার্জ দেওয়ার সময় ফোন সামান্য উষ্ণ হওয়া স্বাভাবিক, তবে অস্বাভাবিক গরম হয়ে গেলে সতর্ক হতে হবে। অ্যাপলের তথ্য অনুযায়ী, ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় ফোন ব্যবহার বা চার্জ করলে ব্যাটারির সক্ষমতা স্থায়ীভাবে কমে যেতে পারে।
তাই চার্জে থাকা অবস্থায় ভারী গেম খেলা, রোদে বা গরম স্থানে ফোন রাখা এবং বালিশ বা কম্বলের নিচে ফোন রেখে চার্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি নকল বা নিম্নমানের চার্জারের পরিবর্তে সব সময় ফোনের নির্মাতা প্রতিষ্ঠানের অনুমোদিত ও মানসম্মত চার্জার ব্যবহার করা জরুরি।
